অদ্য ২৬ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার), বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এ অবস্থিত কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) অনুষ্ঠিত ১২তম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্স (এসসিসি) এর সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, বিবিপি, জিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের সনদপত্র প্রদান করেন।
অনুষ্ঠানস্থলে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এসে পৌঁছালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ শরিফুল ইসলাম, বিএসপি, বিপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (সিএসটিআই) এর অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোঃ জাহিদ আশরাফ, এএফডব্লিউসি, পিএসসি তাঁকে স্বাগত জানান। ইনস্টিটিউটের অধিনায়ক তার স্বাগত ভাষণে ১২তম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের উপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। উক্ত কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বিমান বাহিনীর স্কোয়াড্রন কমান্ডারগণের কার্যকরী ব্যবস্থাপনা এবং নেতৃত্ব প্রদানের প্রশিক্ষণ এই কোর্সের উদ্দেশ্য। ২০০৯ সাল থেকে এসসিসি (স্কোয়াড্রন কমান্ডার্স কোর্স) উত্তীর্ণ কর্মকর্তাগণ তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে সহায়তা করে আসছে। প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাদের মাঝে সনদপত্র প্রদান করেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
তিনি উক্ত কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করার জন্য সিএসটিআই (কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট) এর ভূয়সী প্রশংসা করেন। সবশেষে তিনি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাদের সাথে আলোকচিত্রে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


