আজ বুধবার, নভেম্বর ২৫, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে, বরিশাল বিভাগের, ভোলায়, মোট প্রজনন হার (টিএফআর) সর্বোচ্চ ৩.৫০। বিপরীতে, খুলনার বাগেরহাটে এ হার সবচেয়ে কম মাত্র ১.৫০।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ উদ্যোগে সর্বশেষ প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ এর ৩১৭ পৃষ্ঠার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে জাতীয় পর্যায়ে মোট প্রজনন হার ২.৪০। এদিকে, ভোলার পর বেশি প্রজনন হার রয়েছে মাদারীপুরে। জেলাটিতে এ হার ৩ দশমিক ৩০। নোয়াখালীতে ৩.০০ এবং লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২.৯০ করে।

অন্যদিকে তুলনামূলক কম প্রজনন হারের জেলাগুলোর মধ্যে রয়েছে যশোর, রাজবাড়ী ও নওগাঁ। এসব জেলায় টিএফআর ১.৭০। সর্বনিম্ন অবস্থানে থাকা বাগেরহাটে এ হার ১.৫০।

বিভাগভিত্তিক হিসাবে, বরিশালে প্রজনন হার সর্বোচ্চ ২.৬০। চট্টগ্রামে, ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০, ঢাকা ও রাজশাহীতে ২ দশমিক ২০ এবং খুলনায় ২ দশমিক ০০।

বাল্যবিবাহেও রয়েছে জেলাভেদে বড় পার্থক্য। জরিপের ২০২৫ সালের হিসাব অনুযায়ী, দেশের জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে জয়পুরহাট। জেলাটিতে ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীদের ৫৭ দশমিক ৪ শতাংশ বর্তমানে বিবাহিত। অন্যদিকে, একই বয়সী নারীদের মধ্যে বর্তমানে বিবাহিত থাকার হার সবচেয়ে কম সিলেটে, ১৪ দশমিক ৩ শতাংশ।

এছাড়া, জয়পুরহাটের পর রয়েছে সাতক্ষীরা। জেলাটিতে এ হার ৫৪ দশমিক ৮ শতাংশ। কুষ্টিয়ায় ৫২ শতাংশ, মেহেরপুরে ৫১ দশমিক ৫ শতাংশ এবং মানিকগঞ্জে ৫০ দশমিক ৬ শতাংশ।

Exit mobile version