সম্প্রতি একজন আইনজীবীর প্যাডে “ধরিয়ে দিন” শিরোনামে প্রকাশিত এবং বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিতে আমার ছবি ও পরিচয় ব্যবহার করে আমাকে অর্থ আত্মসাৎকারী, প্রতারক ও আত্মগোপনে থাকা আসামি হিসেবে উপস্থাপন করা হয়েছে। এ ধরনের বিজ্ঞপ্তি ও একপক্ষীয় প্রচারণায় আমার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি ডা. এম এ ফজল। পেরেন্টস কেয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু মরহুম অধ্যক্ষ ডা. আবদুল করিম স্যারের অনুরোধে আমি দীর্ঘদিন প্রতিষ্ঠানটির প্রশাসনিক দায়িত্ব পালন করেছি। তাঁর জীবদ্দশায় প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকালে আমার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ-সংক্রান্ত এমন কোনো অভিযোগ উত্থাপিত হয়নি বলে আমার জানা রয়েছে।
আমার বক্তব্য অনুযায়ী, প্রতিষ্ঠানের ব্যাংক চেক পরিচালনা, ব্যাংক থেকে অর্থ উত্তোলন কিংবা নগদ অর্থ সংগ্রহের দায়িত্ব আমার ছিল না। আমার দায়িত্বকালীন হিসাব-নিকাশ সম্পর্কে তৎকালীন ট্রেজারারের আর্থিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট নথিপত্র রয়েছে। এসব নথিতে প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের স্বাক্ষরও রয়েছে। চেয়ারম্যান, সেক্রেটারি, অধ্যক্ষ, ট্রেজারার, অ্যাডমিন ও হিসাবরক্ষকের যৌথ স্বাক্ষরের মাধ্যমে হিসাব নিষ্পত্তির বিষয়টিও সংশ্লিষ্ট নথিপত্রে প্রতিফলিত হয়েছে বলে আমার দাবি।
আমার অভিযোগ, মরহুম অধ্যক্ষ ডা. আবদুল করিম স্যারের মৃত্যুর পর থেকেই প্রতিষ্ঠানের পরিচালনা ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পূর্বের বিরোধের জের ধরে নতুন চেয়ারম্যানের নির্দেশনায় আমাকে পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া এবং প্রতিষ্ঠানের পূর্ববর্তী চেয়ারম্যানের পছন্দের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণের মতো ঘটনাও ঘটেছে বলে আমি মনে করি। এ পরিস্থিতির ধারাবাহিকতায় আমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা এবং বিভিন্ন মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এসব ঘটনাকে আমি উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে মনে করি। তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আদালতের।
আমি আরও বলতে চাই, মরহুম অধ্যক্ষ ডা. আবদুল করিম স্যারের সঙ্গে আমার সম্পর্ক ছিল শ্রদ্ধা, আস্থা ও গুরু-শিষ্যের বন্ধনে আবদ্ধ। তাঁর দীর্ঘদিনের স্বপ্নের এই শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে আমি দায়িত্ব পালন করেছি। তাঁর মৃত্যুর পর প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের প্রেক্ষাপটে আমাকে সামাজিকভাবে হেয় করা এবং পেশাগত সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে বলে আমি মনে করি।
আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো বর্তমানে বিচারাধীন। আমি আত্মগোপনে থাকার বিষয়টি প্রত্যাখ্যান করছি। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যথাযথ আইনগত প্রক্রিয়ায় নিজের অবস্থান তুলে ধরব। প্রয়োজনীয় নথিপত্র, আর্থিক প্রতিবেদন ও প্রমাণের মাধ্যমে আমার বক্তব্য উপস্থাপনের প্রস্তুতি রয়েছে। আমি আইনগত প্রক্রিয়ায় জামিন পাওয়ার অপেক্ষায় আছি।
আমি সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির প্রকাশক, প্রচারকারী এবং সংবাদমাধ্যম কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, আমার বক্তব্য ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করুন। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কোনো অভিযোগকে প্রমাণিত অপরাধ হিসেবে উপস্থাপন করবেন না। একই সঙ্গে আমার ছবি ও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর বা সম্মানহানিকর প্রচারণা থেকে বিরত থাকুন।
আমার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সম্মান ক্ষুণ্ণের এ ধরনের প্রচারণা অব্যাহত থাকলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রতিকার চাইতে বাধ্য হব। আমি বিশ্বাস করি, অভিযোগ মানেই অপরাধ প্রমাণ নয়। বিচারাধীন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিজ্ঞ আদালতের মাধ্যমে। কোনো ষড়যন্ত্র, অপপ্রচার কিংবা সামাজিক চাপ দিয়ে সত্যকে আড়াল করা সম্ভব নয়। আমি আমার পেশাগত সম্মান, আত্মমর্যাদা ও ন্যায়বিচারের প্রশ্নে আপসহীন। সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করার এবং যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ বা তথ্য প্রচার না করার অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী:ডা. এম. এ. ফজল
হোমিওপ্যাথিক চিকিৎসক ও সংগঠক, সাবেক এডমিন ও পরিচালক পেরেন্টস কেয়ার স্কুল এন্ড কলেজ,
চট্টগ্রাম।



