সেঞ্চুরিটা হতে পারত গতকালই। তবে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনের খেলা শেষ হওয়ায় অপেক্ষা বাড়ে লিটন দাসের।
তাতে কিছুটা চিন্তা হলেও যেন ভালোই হয়েছে লিটনের।
কেন ভালো হয়েছে, সেটা লিটনের সেঞ্চুরির উদযাপনেই স্পষ্ট। ৮৮তম ওভারে মার্কো ইয়ানসেনকে পুল শটে ছক্কা হাঁকিয়ে পকেট থেকে কিছু একটা বের করলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার। ক্যামেরার লেন্সের মনোযোগ তখন তার চিরকুটে।
খেলা দেখতে আসা উৎসুক দর্শকও তখন অপেক্ষায়, কী লেখা আছে লিটনের চিরকুটে? শুধু কি গ্যালারির দর্শকরদেরই? না, বোকাবাক্সের দর্শকেরও দৃষ্টি ছিল তার চিরকুটে।
সেঞ্চুরির মতো অবশেষে সেই অপেক্ষায় ফুরাল। লিটন তার চিঠি খুলে দেখালেন। ইংরেজি লেখার অনুবাদ দাঁড়ায়, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা।
এই সেঞ্চুরি তোমার জন্য।’
একমাত্র কন্যাকে জন্মদিনের উপহার দিলেন লিটন। গতকাল রাতে মেয়ের জন্মদিন উপলক্ষে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি দিয়ে উইশও করেন তিনি। আর আজ সেঞ্চুরিতে পূর্ণতা দিলেন ৩২ বছর বয়সী ব্যাটার।
শুরুটা ধাক্কার হলেও এখন প্রথম টেস্টের চালকের আসনে বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ৩৫৯ রান। লিটন ১১৪ রানে অপরাজিত। এক ছক্কার বিপরীতে চার মেরেছেন ১৩টি। তার সঙ্গী হাসান এখনো রানের খাতা খুলতে পারেনি।
লিটনের অষ্টম সেঞ্চুরির আগে গতকাল সেঞ্চুরি পেয়েছেন তাওহিদ হৃদয়ও। টানা দ্বিতীয় সেঞ্চুরির ইনিংসটি খেলেছেন ১৩৭ রানের।


