শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের কাছে স্ত্রী হিসেবে স্বীকৃতি ও নিজের অধিকার আদায়ের দাবিতে এক নারীর বিদ্যালয়ে উপস্থিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে ওই নারী সরাসরি নন্নী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে গিয়ে উপস্থিত হন। এ সময় তিনি প্রধান শিক্ষক সাইফুল ইসলামের কাছে স্ত্রী হিসেবে স্বীকৃতি ও প্রাপ্য অধিকার দাবি করেন বলে জানা গেছে।
হঠাৎ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে ওই নারীর উপস্থিতিকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসুক মানুষের ভিড় এবং নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছুক্ষণ বিদ্যালয়ে অবস্থানের পর ওই নারী ও প্রধান শিক্ষক দুজনই সেখান থেকে চলে যান। তবে তারা কোথায় গেছেন কিংবা পরবর্তী সময়ে কী ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এদিকে ওই নারীর করা দাবির সত্যতা, তাদের মধ্যকার সম্পর্কের প্রকৃত ঘটনা এবং এ বিষয়ে প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বক্তব্য এখনো পাওয়া যায়নি। ফলে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা অব্যাহত রয়েছে।


