
শেরপুরের নকলা উপজেলায় সাংবাদিক মো. মামুন মিয়ার বাসার সামনে কাফনের কাপড়, মোমবাতি ও হুমকিসূচক চিরকুট রেখে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজ বাসার সামনে একটি লাল ব্যাগের ভেতর এসব সামগ্রী দেখতে পান তিনি। এ ঘটনায় তার পরিবারে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মো. মামুন মিয়া দৈনিক বাংলা পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি এবং নকলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বাসার সামনে একটি লাল ব্যাগ দেখতে পান মামুন মিয়া। পরে ব্যাগটি খুলে তার ভেতরে কাফনের কাপড়, মোমবাতি ও একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘জনাব মামুন, অহমিকার প্রাসাদ যতই সুউচ্চ হোক, বাস্তবতার আদালতে প্রত্যেককেই নিজের কৃতকর্মের জবাবদিহি করতে হবে। আপনার জন্য আমাদের বিশেষ উপহার, আশা করি ভালো হয়ে যাবেন।’
সাংবাদিক মামুন মিয়ার অভিযোগ, তাকে ভয়ভীতি প্রদর্শন ও মানসিকভাবে চাপে রাখার উদ্দেশ্যে অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে এসব সামগ্রী তার বাসার সামনে রেখে গেছে। স্থানীয় বিভিন্ন অনিয়ম, অসংগতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশের জেরে অতীতেও বিভিন্ন সময়ে তাকে হুমকি-ধমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ঘটনাটি জানার পরপরই তিনি নকলা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে শুক্রবার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় বাসার সামনে পাওয়া লাল ব্যাগ, কাফনের কাপড়, মোমবাতি ও চিরকুটসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায়।
মামুন মিয়া বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করে সত্য প্রকাশের চেষ্টা অব্যাহত রাখায় তাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে তিনি মনে করেন। তবে এসব হুমকিতে তার কলম থেমে থাকবে না। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। কে বা কারা কী উদ্দেশ্যে এসব সামগ্রী রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকের বাসার সামনে এ ধরনের হুমকিসূচক সামগ্রী রেখে যাওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

