আজ রবিবার, নভেম্বর ১৫, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে ২১ শতক জমি কেনার দাবি করেছেন এক ব্যক্তি। তবে তার দলিলে জমির পরিমাণ পাওয়া গেছে মাত্র ১ শতক। একইভাবে প্রায় ২৪ শতক জমি কেনার দাবি করা আরেক ব্যক্তির দলিলে উল্লেখ রয়েছে ৪ শতক। জমির পরিমাণ ও দাগসংক্রান্ত এসব অসংগতি তুলে ধরে পুলিশ সুপারের বিরুদ্ধে হুমকির অভিযোগকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বক্তব্যে এসব তথ্য জানায় জেলা পুলিশ।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মীর মো. হাসান দাবি করেন, ২০১৮ সালে জঙ্গল সলিমপুরে তিনি ২১ শতক জমি কিনেছেন। ওই জমিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্প স্থাপন করা হয়েছে। ক্যাম্প সরানোর দাবিতে মানববন্ধন করায় পুলিশ সুপার তাঁকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

জেলা পুলিশের মতে, মীর মো. হাসান ও আসিফুল ইসলাম তাদের কেনা জমিতে বিজিবির অবস্থানের কারণ জানতে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন। তাদের দলিল ও ভূমিসংক্রান্ত তথ্য পর্যালোচনায় জমির পরিমাণ, দাগ ও বাস্তব দখলের মধ্যে অসংগতি পাওয়া যায়।

পুলিশের দাবি, হাসান ২০১৮ সালে ২১ শতক জমি কেনার কথা বললেও তার দলিল সম্পাদিত হয়েছে ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর। বিএস ২০১ নম্বর দাগে ওই দলিলে জমির পরিমাণ মাত্র ১ শতক। একইভাবে আসিফুল ইসলাম ২০১৭-১৮ সালে প্রায় ২৪ শতক জমি কেনার দাবি করলেও তার দলিলেও একই তারিখে একই দাগে ৪ শতক জমির উল্লেখ রয়েছে। তাদের জমির নামজারি ও বাস্তব দখল নিয়েও অসংগতি রয়েছে।

জেলা পুলিশ জানায়, জঙ্গল সলিমপুর মৌজার বিএস ১৯ নম্বর খতিয়ানের ২০১, ২৩৩ ও ২৪১ নম্বর দাগে ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের তথ্য অনুযায়ী, মো. ইয়াসিন ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে এসব দাগের কিছু জমি কেনেন। পরে এসব জমির ভিত্তিতে বিভিন্ন নামজারি খতিয়ান সৃষ্টি হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মোট ৭৪টি দলিল সম্পাদন করা হয়। এর মধ্যে ২০১ নম্বর দাগে ৬৬টি দলিলে ২৪৬ দশমিক ৭৫ শতক, ২৩৩ নম্বর দাগে ৭টি দলিলে ২৭ শতক এবং ২৪১ নম্বর দাগে একটি দলিলে ১ শতক জমির উল্লেখ রয়েছে। সব মিলিয়ে জমির পরিমাণ ২৭৪ দশমিক ৭৫ শতক।

জেলা পুলিশের দাবি, জঙ্গল সলিমপুরের মোট জমির প্রায় ৯০ শতাংশ সরকারি খাসজমি। সেখানে দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল, পাহাড় কাটা ও জমি কেনাবেচার নামে প্রতারণার অভিযোগ রয়েছে অপরাধী চক্রের বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অতীতে সেখানে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বাধার মুখে পড়েছেন। একজন র‍্যাব সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে।

পুলিশ জানায়, বর্তমানে জঙ্গল সলিমপুরে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও সরকারি জমির সুষ্ঠু ব্যবহারে কাজ চলছে। সেনাবাহিনীর মাধ্যমে একযোগে ছয়টি সড়কের নির্মাণকাজ চলছে। এসব উদ্যোগের উদ্দেশ্য সাধারণ মানুষের বৈধ সম্পত্তি দখল বা উচ্ছেদ করা নয়; বরং সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা, প্রকৃত মালিকদের অধিকার সুরক্ষা ও অপরাধ দমন করা।

জেলা পুলিশের আরও দাবি, ভূমি দখল ও অপরাধমূলক কর্মকাণ্ডে অভিযুক্ত ইয়াসিন ও তার স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী সরকারি কার্যক্রম বাধাগ্রস্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। অর্থের বিনিময়ে কিছু নারীকে দিয়ে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর বক্তব্য ও কথিত ভুয়া কাগজপত্র উপস্থাপনের অভিযোগও করেছে পুলিশ।

পুলিশ সুপারের বিরুদ্ধে হুমকির অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে জেলা পুলিশ জানিয়েছে, এর পেছনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Exit mobile version