আজ বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

দিনাজপুরের চিরিরবন্দরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদের ইছামতি কনফারেন্স কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। একই সময়ে চিরিরবন্দর উপজেলা পর্যায়ের অনুষ্ঠানে উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, সরকারদলীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের নিয়ে এক প্রীতি ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে শিশু-কিশোরদের ক্রীড়াচর্চা, প্রতিভা বিকাশ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Exit mobile version