আজ সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ খ্রিস্টাব্দ

সোমবার (২৬ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের অভ্যন্তরে এই হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম জুয়েল হোসেন নিরব। তিনি লক্ষ্মীপুর পৌর ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। অভিযুক্ত ব্যক্তির নাম শাহেদ, যিনি দালাল বাজার ডিগ্রি কলেজের ২য় বর্ষ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্বরত।

ঘটনার ছড়িয়ে পড়ার ভিডিও চিত্রে দেখা যায়, সোমবার রাতে সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে চিকিৎসাধীন বা অবস্থানরত জুয়েলকে লক্ষ্য করে হুট করেই চেয়ার ছুঁড়ে মারেন শাহেদ ও তার অনুসারীরা। এরপর তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করা হয়।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে শাহেদ ও জুয়েলদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। সেই বিরোধের জের ধরে সদর হাসপাতাল প্রাঙ্গণে জুয়েলের ওপর পুনরায় হামলা চালায় শাহেদের অনুসারীরা। এ সময় প্রাণ বাঁচাতে জুয়েল দৌড়ে সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে পড়েন। কিন্তু সেখানে ঢুকেও তাকে ছাড়েনি হামলাকারীরা; জরুরি বিভাগের ভেতরেই তাকে নির্দয়ভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়।

ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের একটি দল দ্রুত দুর্ঘটনাস্থল পরিদর্শন করে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, হাসপাতালে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জড়িতরা সটকে পড়ে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version