
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, এবারের শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জে সর্বকালের অন্যতম সেরা উৎসব হিসেবে উদযাপিত হয়েছে বলে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানিয়েছেন। উৎসবজুড়ে পূজামণ্ডপগুলোতে ব্যাপক আনন্দ-উৎসাহ, দর্শনার্থীদের উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশ ছিল চোখে পড়ার মতো।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মহানগরীর সেরা ১০টি পূজামণ্ডপকে উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সজল বলেন, নারায়ণগঞ্জের দুর্গোৎসব ঘিরে এবার মানুষের ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ দেখা গেছে। শহরের বাইরে থেকেও অসংখ্য মানুষ পূজার আনন্দ উপভোগ করতে এসেছেন। সদর থানা পুলিশের পরিসংখ্যানের বরাত দিয়ে তিনি জানান, নবমীর দিন ভোর পর্যন্ত শহরের বাইরে থেকে প্রায় ৪ হাজার ৫০০টি গাড়ি নারায়ণগঞ্জে এসেছে বলে তিনি জানতে পেরেছেন। তাঁর মতে, এই উপস্থিতি উৎসবের ব্যাপকতা ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের চিত্র তুলে ধরে।
উৎসব আয়োজনে সহযোগিতার প্রসঙ্গ তুলে যুবদল নেতা সজল বলেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব নারায়ণগঞ্জের ৫২টি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন। পাশাপাশি আয়োজনের মান ও আয়োজকদের পরিশ্রমকে উৎসাহিত করতে সেরা ১০টি পূজামণ্ডপকে পুরস্কার ও উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, পুরস্কার পাওয়াই বড় কথা নয়; বরং দীর্ঘদিনের পরিশ্রম, আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর আয়োজন সম্পন্ন করার স্বীকৃতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ পূজামণ্ডপের আয়োজকদের ভবিষ্যতে আরও সুন্দর ও বর্ণিল আয়োজন করতে অনুপ্রাণিত করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ তুলে সজল বলেন, তাঁর নির্দেশনা ও সহযোগিতায় এবারের দুর্গাপূজায় আর্থিক অনুদান, উৎসবের আনন্দ এবং নিরাপত্তাব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী খুলনা ও রাজশাহীতে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেছেন এবং দলীয় নেতাকর্মীদের পূজামণ্ডপগুলোর পাশে থাকার নির্দেশনা দিয়েছেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সজল বলেন, আগামী দিনগুলোতেও যেন আরও সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়, সেটিই সবার প্রত্যাশা। নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের সবাইকে নিজের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মিঠুন মোদক, পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র সহসভাপতি নিতাই দত্ত, সহসভাপতি সুশীল দাস ও সাংগঠনিক সম্পাদক তাপস কুমার সাহাসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

