আজ শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার ৩৮টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসব সদস্য ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

শনিবার (১৭ অক্টোবর) সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মন্দির (পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি) প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।

তিনি জানান, সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে আরও ৯টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

পূজামণ্ডপ ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত যশোর রিজিয়নের প্রায় ২ হাজার বিজিবি সদস্য ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, বাংলাদেশ ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিশ্বে পরিচিত হবে বলে তাঁরা বিশ্বাস করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তিনি সর্বস্তরের নাগরিক, পূজামণ্ডপ কর্তৃপক্ষ ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Exit mobile version