আজ রবিবার, অক্টোবর ১১, ২০২৬ খ্রিস্টাব্দ

এনসিপি নেতাদের ক্ষমতার সিন্ডিকেট ও দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করে বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তির নেতারা। তাঁরা বলেছেন, অতীতের শাসনামলে জনগণকে বিভক্ত করে যে জুলুম ও শোষণের সংস্কৃতি গড়ে উঠেছিল, তার অবসান ঘটিয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে জনমুখী ও আদর্শভিত্তিক নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করতে হবে।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত পরিচিতি ও সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।

জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জাহিদুল হক বাঁধনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘রাষ্ট্রের কাছে প্রতিটি মানুষের মৌলিক পরিচয় হলো তিনি এ দেশের নাগরিক। ধর্ম, পেশা বা লিঙ্গ পরিচয়ে নাগরিক অধিকারের কোনো তারতম্য হতে পারে না। বিগত দিনে বিভিন্ন গোষ্ঠী জনগণকে বিভক্ত করে ক্ষমতা চর্চা করেছে। কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থানের পর আমাদের লক্ষ্য হওয়া উচিত নেতাগিরি নয়, বরং প্রকৃত রাজনৈতিক সাধনার মাধ্যমে নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষা করা।’

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক শওকত আলী বলেন, ‘রাষ্ট্রের নীতি ও কাঠামোগত সংস্কারের মাধ্যমেই যুবসমাজের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। বেকারত্ব দূর করতে এবং জনমুখী নীতি বাস্তবায়নে রাষ্ট্রকে চাপে রাখতে যুবশক্তিকে বুদ্ধিবৃত্তিকভাবে প্রস্তুত থাকতে হবে।’

এনসিপি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জুবায়ের আহমেদ সরদার বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দলের মতো লাঠিয়াল বাহিনী বা চাঁদাবাজির সংস্কৃতিতে জাতীয় যুবশক্তি বিশ্বাস করে না। যুবকদের বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সমাজের নানা অসংগতির বিরুদ্ধে যুবসমাজকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে।’

এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান বলেন, ‘ফ্যাসিবাদী আমলের প্রশ্নপত্র ফাঁস কিংবা দুর্নীতিমূলক পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে জাতীয় যুবশক্তিকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। অভ্যুত্থানের চেতনা ধারণ করে নারায়ণগঞ্জের প্রতিটি ঘরে নতুন রাজনীতির বার্তা পৌঁছে দিতে হবে।’

জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক নূরজামাল হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, এনসিপি নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব জুবায়ের হোসেন তামজিদ, মহানগর সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম ও জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন শান্ত।

এ ছাড়া ফতুল্লা থানা আহ্বায়ক হাসান শিকদার, জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ কামরান অনন্ত ও মহানগর সংগঠক মাহবুব শান্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

Exit mobile version