
আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম সম্মেলনে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তানজানিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন।
স্পিকারের সফরসঙ্গী হয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস. কে. আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামী ৫ থেকে ৯ অক্টোবর তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন। ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে আগামী ৯ অক্টোবর সম্মেলনের শেষ দিনে আইপিইউ’র গভর্নিং কাউন্সিল নতুন আইপিইউ সভাপতি নির্বাচন করবে।
সংসদ সচিবালয় জানায়, আইপিইউ সম্মেলনের সার্বিক কার্যক্রম এবং নির্ধারিত বৈঠকগুলো সফলভাবে সম্পন্ন করে আগামী ১১ অক্টোবর স্পিকার ও তার সফরসঙ্গী প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

