
গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি গার্মেন্টস্ কারখানা অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করেছে। আরও ৪টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে তিনটার দিকে আগুনের এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে তিনটার দিকে গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি গার্মেন্টস্ কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট যোগ দেয়।
তিনি আরও বলেন, আগুনের পরিমাণ বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের ৩টি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। এখন পর্যন্ত আগুনের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানান।
ফায়ার সার্ভিসের হেড কোয়াটারের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, আগুন লাগার খবরে ইতিমধ্যে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আরো চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

