
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু জাতীয় সংসদের আরও দুটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান কমিটির সদস্য হয়েছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩০ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের বৈঠকে ১০ সদস্যের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। এতে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামকে সভাপতি এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সদস্য করা হয়েছে।
অন্যদিকে, গত ১০ সেপ্টেম্বর একই অধিবেশনের বৈঠকে ১০ সদস্যের সরকারি প্রতিষ্ঠান কমিটি গঠন করা হয়। এতে বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে সভাপতি এবং মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ অন্য সংসদ সদস্যদের সদস্য করা হয়েছে।
এর মধ্য দিয়ে সংসদীয় দুটি কমিটিতে নতুন দায়িত্ব পেলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

