নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও রুপা লুট হওয়ার ঘটনায় মিজান (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বন্দরের সোনাচোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী বাজারে দেবাশীষ ঢালীর স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে।
দোকান মালিক দেবাশীষ ঢালী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ দোকানে ঢুকে তাঁকে মারধর করে। পরে দোকানে থাকা এক ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে তারা। এ ছাড়া দোকানের সিন্দুক ও ড্রয়ারে রাখা আরো সাড়ে ৪ ভরি স্বর্ণ এবং ২০০ থেকে ৩০০ ভরি রুপা লুট করে নিয়ে যায় ডাকাতরা।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে যৌথ অভিযান চালিয়ে মিজানকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
ওসি আরো বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



