
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগের প্রতিবাদে সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না-বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।
বক্তব্যে আবু জাহিদ ডাবলু বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য নৈরাজ্য সৃষ্টির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত। তিনি দাবি করেন, আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র’ প্রতিহত করতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, তাঁর প্রত্যাবর্তনের আশা সফল হবে না এবং তাঁকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।
এ ছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শরিফুজ্জামান সজীব, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সুমন রহমান ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সাধু প্রমুখ।
সমাবেশে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

