আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬ খ্রিস্টাব্দ

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জয়দেবপুর-টঙ্গী-বনমালা সড়কের ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে মহিউদ্দিন (৪২), একই এলাকার আব্দুল মালেকের ছেলে জামাল হোসেন (৪৪) এবং অজ্ঞাতপরিচয় আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তি।

গাজীপুর সদর মেট্রো থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ধীরাশ্রম এলাকায় রং সাইড দিয়ে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাছের ড্রামবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও তিনজন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করেছে। একই সঙ্গে ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং চালকের দায়িত্বে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

দুর্ঘটনার পর জয়দেবপুর-টঙ্গী-বনমালা সড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যান সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

Exit mobile version