আজ বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ খ্রিস্টাব্দ

‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের খানপুর হাসপাতাল রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল অভিযোগ করেন, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, ‘হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে।’

সজল আরও বলেন, ‘গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি বিরোধী দল বিপুল পরিমাণ জ্বালানি খরচ করে লংমার্চের নামে দেশের মানুষকে বিভ্রান্ত করার পাঁয়তারা করছে। কোনো ধরনের ষড়যন্ত্র করে এ দেশের মানুষকে আর বিপদে ফেলা যাবে না।’

তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক ধারা ফিরতে শুরু করেছে দাবি করে তিনি বলেন, শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা রাজপথে থাকবেন।

নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের রাজনৈতিক বলয়কে ইঙ্গিত করে সজল বলেন, ‘নারায়ণগঞ্জে ওসমানী সাম্রাজ্যের পতন ঘটেছে এবং তাদের চেনা সাঙ্গোপাঙ্গরা পালিয়ে গেছে। তবে বিদেশে বসে এখনো দেশে নাশকতার চেষ্টা চালানো হচ্ছে।’

নিজ নিজ এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের অপতৎপরতা দেখা গেলে প্রশাসনের সহযোগিতায় তা প্রতিরোধ করা হবে।

সমাবেশে মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ বলেন, ‘সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পটকা বিস্ফোরণ এবং সিদ্ধিরগঞ্জে গাড়িতে আগুন দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। ৫ আগস্টের পর থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদল রাজপথে থেকে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।’

তিনি বলেন, ‘কোনো ধরনের সন্ত্রাসী অর্থায়ন, চাঁদাবাজি বা নাশকতামূলক কাজ নারায়ণগঞ্জের মাটিতে প্রশ্রয় দেওয়া হবে না।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সাহেদ আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক নূর এলাহী, যুগ্ম আহ্বায়ক অপু, ১ নম্বর সদস্য শহীদুল ইসলাম, সদস্য আরমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Exit mobile version