আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬ খ্রিস্টাব্দ
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আলীনগর, নবীনগর, ওসমানের ঘোনাসহ বিভিন্ন এলাকায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের নেতৃত্বে বিজিবি, এসআরবি, এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় তিন শতাধিক সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে পুলিশ বিজিবি ও এসআরবি এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সীতাকুণ্ড থানা পুলিশ এবং সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকায় কিছু অপরাধী ও সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে পারে। এ পরিপ্রেক্ষিতে সম্ভাব্য অপরাধ ও নাশকতা প্রতিরোধে দুর্গম পাহাড়ি এলাকায় সমন্বিত টহল জোরদার করা হয়। পাশাপাশি বিভিন্ন পাহাড়ি ঘরবাড়ি ও স্থাপনা, আশপাশের পরিত্যক্ত স্থান এবং সন্দেহজনক এলাকায় তল্লাশি পরিচালনা করা হয়। এ সময় সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও অবস্থান যাচাই-বাছাইয়ের পাশাপাশি সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে; এমন সন্দেহজনক বস্তু বা আলামতের বিষয়ে সতর্কতার সঙ্গে নজরদারি করা হয়।
অভিযানের মাধ্যমে অপরাধীদের সংঘবদ্ধ হওয়ার সুযোগ প্রতিরোধ, নাশকতার সম্ভাব্য প্রস্তুতি নস্যাৎ এবং অপরাধ সংঘটনের অনুকূল পরিবেশ রোধের পাশাপাশি স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ও দৃশ্যমান উপস্থিতি এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি অপরাধপ্রবণ ব্যক্তিদের মধ্যে আইনের যথাযথ প্রয়োগের সুস্পষ্ট বার্তা পৌঁছে দেয়।
অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়। একইসঙ্গে অপরাধ ও সন্দেহজনক তৎপরতার তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এবং অপরাধ প্রতিরোধে সহযোগিতা করতে তাদের উৎসাহিত করা হয়।
জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।
Exit mobile version