লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন, বৃদ্ধ আবু সিদ্দিক (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)। দাদা আবু সিদ্দিককে বাঁচাতে গিয়ে ওই দুই শিশু মারা যায় বলে জানিয়েছে স্থানীয়রা।
মৃত আবু সিদ্দিক পাটোয়ারী সদর উপজেলার শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। মৃত শিশু পিয়াস তার (সিদ্দিক) ছেলে আব্দুল আজিজের ছেলে।
আর পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান।
স্থানীয়রা জানায়, আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায়। পরে বৃদ্ধ পানিতে নেমে ডুব দেয়। কিন্তু দীর্ঘক্ষণ পানির নিচ থেকে না ওঠায় তার নাতি পিয়াস ও নাতনি পপি তাকে পানিতে খুঁজতে গিয়ে তারাও ডুবে মারা যায়।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একই পরিবারের তিনজন মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছি। খুবই দুঃখজনক।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



