নারায়ণগঞ্জের সিটি গ্রুপের একটি অটোরাইস মিলের বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের অবস্হা আশংকাজনক।
রোববার (৩০ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার গন্ধর্বপুর তালতলা এলাকার মিলে ওই ঘটনা ঘটে। দগ্ধরা রূপগঞ্জের তালতলা এলাকার আমির হোসেনের ছেলে সাব্বির মিয়া (২৫) ও হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল হক (৪৫)। দগ্ধ মোজাম্মেল হকের স্ত্রী আমেনা বেগম জানান, তার স্বামী মোজাম্মেল হক এবং সহকর্মী সাব্বিরের শরীরের অর্ধেক অংশ ঝলসে গেছে।তারা আশংকাজনক অবস্থায় রয়েছে।
শ্রমিকরা জানান, তারাবো এলাকার সিটি ইকোনমিক জোনের অটোরাইস মিলে শ্রমিকরা কাজ করছিলেন। সকালে হঠাৎ অটোরাইস মিলের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় সাব্বির মিয়া ও মোজাম্মেল হক দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
সিটি গ্রুপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের ভূমিকা রহস্যের সৃষ্টি করেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে, এ ব্যাপারে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।



