২০২৪ সালের গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেছেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার কিছু অংশ বাস্তবায়ন করলেও অধিকাংশ দাবি এখনো বাস্তবায়িত হয়নি। এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জের জুলাই শহীদদের কবর সংরক্ষণ, সরকারি স্বীকৃতি এবং জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবিও জানানো হয়।
বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সভাপতি আবু হাসান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ‘১৯৭১ সালে আমরা স্বাধীনতা দেখেছি। এখানে সবাই বলেছেন, জুলাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এটা আমাদের একটি নাজাত দিবস। কারণ ২০০৬ সালের পর থেকে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের আগে পর্যন্ত আমরা একটি দুঃসহ সময়ের মধ্যে ছিলাম।’
তিনি আরও বলেন, ‘এখন আমাদের মধ্যে রাজনৈতিকভাবে ভিন্নমত আছে, তবে দেশের স্বার্থে আমরা সবাই এক।’
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে রাষ্ট্রকে কার্যকর উদ্যোগ নিতে হবে। শহীদদের মর্যাদা ও পরিবারের অধিকার নিশ্চিত করার পাশাপাশি জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন তারা।



