নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা মো. মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ২৯ আগস্ট নিমাইকাশারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মহসিন কুমিল্লার দেবিদ্বার উপজেলার বল্লবপুর এলাকার মো. ময়নাল হোসেন ওরফে মনু মিয়ার ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় আনিছুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা মারা যাওয়ার পর তার মা দ্বিতীয় বিয়ে করেন। প্রায় দুই বছর আগে কিশোরীকে তার মা নিজের কাছে নিয়ে আসেন। এরপর থেকে সে মা ও সৎ বাবার সঙ্গে বসবাস করে আসছিল। মামলার এজাহারে কিশোরীর দত্তক ভাই মো. নাঈম মিয়া অভিযোগ করেন, প্রায় এক মাস ধরে মহসিন ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে আসছিলেন।
এজাহারে আরও বলা হয়, গত ২৫ আগস্ট বিকেলে কিশোরীর মা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে গেলে বাসায় কেউ না থাকার সুযোগে মহসিন আবারও কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে কিশোরী বিষয়টি তার দত্তক পরিবারের সদস্যদের জানায়। ঘটনাটি জানার পর পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করেন। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, ভুক্তভোগীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত মহসিনকে গ্রেপ্তার করা হয়।



