আজ শনিবার, আগস্ট ২৯, ২০২৬ খ্রিস্টাব্দ

 

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, তাদের উৎসাহিত করা এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাতে এ আয়োজন করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় রাজেন্দ্রপুর বনানী প্রগতি সংঘের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক, স্থানীয় শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাবাড়ী ইউনিয়ন ওলামা বিভাগের সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাওলানা হাবিবুল্লাহ (কামিল-স্নাতকোত্তর) এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানের শুরুতে হাফেজ মো. নজরুল ইসলাম পবিত্র কোরআন তিলাওয়াত করেন। পরে শিল্পী ফয়সাল হোসাইন ইসলামী গজল পরিবেশন করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাবাড়ী ইউনিয়ন কার্যালয়ের সম্পাদক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বোরমা ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন বিএসসি। এ ছাড়া সাংবাদিক নাঈম, সাংবাদিক মামুন, ওসমান শেখ, সফর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
প্রধান বক্তা অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “আজকের এই মেধাবীরাই আগামী দিনের দেশ গঠনের কারিগর। তাদের সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দেওয়া সমাজের দায়িত্ব।”
আয়োজক মাওলানা হাবিবুল্লাহ বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে যারা সাফল্য অর্জন করেছে, তারা এলাকার গৌরব। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি, তারা ভবিষ্যতে দেশ ও মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করবে।”
অনুষ্ঠানের শেষপর্বে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শতাধিক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, শুভেচ্ছা উপহার ও অভিনন্দনপত্র তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী, আত্মপ্রত্যয়ী ও দায়িত্বশীল করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Exit mobile version