আজ বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ খ্রিস্টাব্দ

আধুনিক বিশ্বে টিকে থাকতে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে যোগ্যতা, মেধা ও দক্ষতা অর্জন করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানুষ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। একইভাবে বর্তমানে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে মুক্ত করতে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আমাদের তরুণ প্রজন্মই আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাদের হাতে যদি মাদক থাকে, তাহলে দেশ কোথায় যাবে? আমরা আমাদের দেশকে একটি নিরাপদ গন্তব্যে নিয়ে যেতে চাই। আমাদের কোনো সন্তান মাদক গ্রহণ করুক, আমরা তা হতে দিতে চাই না।” সময়কে কাজে লাগিয়ে সুস্থ চিন্তায় এগিয়ে যেতে হবে। মাদক মানুষের মনকে অসুস্থ করে। অসুস্থ মনে কখনো দেশ ও জাতির কল্যাণ করা যায় না।

তিনি আরো বলেন, আধুনিক বিশ্বে টিকে থাকতে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে যোগ্যতা, মেধা ও দক্ষতা অর্জন করতে হবে। বিশ্ব প্রতিনিয়ত একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে চলছে এবং এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে সুস্থ মস্তিতে মেধা ও যোগ্যতার বলে এগিয়ে যেতে হবে। মাদকাসক্ত মস্তিষ্ক কখনো ভালো চিন্তা করতে পারেন, তাই এগিয়ে যেতে মাদকমুক্ত সমাজের বিকল্প নেই।

জেলা প্রশাসক আরো বলেন, “সমাজে মাদকাসক্তির কারণে সন্তান তার বাবা-মাকে হত্যা করছে। এর পেছনে অন্যতম কারণ হিসেবে কাজ করছে মাদক। শুধু আইনের প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক নির্মূলে এলাকায় প্রতিরোধ ও সচেতনতা গড়ে তুলতে হবে।”

মাদক বিরোধি সমাবেশ শেষে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, এলাকার সামাজিক সংগঠনের মাঝে চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও এলাকায় দুটি গভীর নলকূপ স্থাপনের ঘোষনা দেন তিনি ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা, উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) গোলাম রহমান চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা মুনতাসীর বিল্লাহ, ভাটেরখিল উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিরু, মুরাদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এজাহার উদ্দীন, মুরাদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শহিদুল্লাহসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীরা।

Exit mobile version