আজ মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ খ্রিস্টাব্দ

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয়দানকারীসহ বিভিন্ন মামলায় ২৪ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলায় ৩ জন, আদালতের পরোয়ানাভুক্ত ৪ জন, ভ্রাম্যমাণ আদালতের মামলায় ১২ জন, ভুয়া পুলিশ পরিচয়দানকারী ১ জন, নিয়মিত মামলায় ২ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় আরও ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংঘটিত অপরাধের ঘটনায় মামলা ও আইনগত অভিযোগ রয়েছে। অভিযানের অংশ হিসেবে তাদের শনাক্ত করে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক বলেন, মাদক ও অপরাধমুক্ত সোনারগাঁ গড়ার লক্ষ্যে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

Exit mobile version