স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ কর্মকর্তা আব্দুল বারিক। এর আগে তিনি সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এসময় অপরাধীদের আতঙ্কে পরিনত হন ওসি আব্দুল বারিক। কর্মজীবনের প্রতিটি ধাপে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার স্বাক্ষর রেখে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। দায়িত্ব পালনে দৃঢ়তা ও মানবিকতার সমন্বয় ঘটিয়ে তিনি নিজেকে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে মাদক কারবারি, সন্ত্রাসী ও চিহ্নিত অপরাধীরা আইনের আওতায় আসে। সাহসিকতা, কৌশল ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার কারণে তিনি সহকর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণের কাছেও প্রশংসিত হন। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সবসময় ছিলেন সক্রিয় ও দায়িত্বশীল।
শুধু আইন প্রয়োগ নয়, জনসেবামূলক কর্মকাণ্ডেও আব্দুল বারিক ছিলেন সমানভাবে অগ্রগামী। থানাকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা, সেবাপ্রার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানে তিনি আন্তরিক ভূমিকা পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও কর্মদক্ষতার আলোকে সোনারগাঁও থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে সংশ্লিষ্ট মহল ও স্থানীয় জনগণ আশাবাদী। নতুন কর্মস্থলেও তিনি সফলতার ধারাবাহিকতা বজায় রেখে জনগণের নিরাপত্তা ও কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশাই সবার।


