বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের ওপর হামলার ঘটনা গত পাঁচ বছরে প্রায় সাত গুণ বেড়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এনডিটিভি বলছে, ২০২১ সালে বিদেশে ভারতীয়দের ওপর হামলার ১৫টি ঘটনা নথিভুক্ত হলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১০৪টিতে।
রাজ্যসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ করা ৩৬টি দেশের তথ্য অনুযায়ী, ভারতীয়দের ওপর সহিংসতার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), যুক্তরাজ্য ও কানাডায়। তথ্য বলছে, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিদেশে ভারতীয়দের ওপর মোট ৩০২টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০২১ সালে ১৫টি, ২০২২ সালে ৩১টি, ২০২৩ সালে ৬৭টি, ২০২৪ সালে ৮৫টি এবং ২০২৫ সালে ১০৪টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।
গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে ভারতীয়দের ওপর ৩৩টি হামলার ঘটনা ঘটেছে, যা দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।
এরপর রয়েছে ইউএইতে ৩২টি, যুক্তরাজ্যে ৩১টি, কানাডায় ৩০টি, আয়ারল্যান্ডে ২৪টি, রাশিয়ায় ২৩টি এবং জার্মানিতে ১৯টি ঘটনা।
কোন দেশে কত?
যুক্তরাষ্ট্রে ২০২১ সালে ভারতীয়দের ওপর হামলার একটি ঘটনা নথিভুক্ত হয়েছিল। ২০২২ সালে তা বেড়ে ছয়টি, ২০২৩ সালে একটি, ২০২৪ সালে ১১টি এবং ২০২৫ সালে ১৪টিতে দাঁড়ায়।
সংযুক্ত আরব আমিরাতে ২০২১ সালে তিনটি, ২০২২ সালে চারটি, ২০২৩ সালে সাতটি, ২০২৪ সালে ছয়টি এবং ২০২৫ সালে ১২টি হামলার ঘটনা ঘটে।
যুক্তরাজ্যে ২০২১ সালে একটি, ২০২২ সালে চারটি, ২০২৩ সালে ১১টি, ২০২৪ সালে ১০টি এবং ২০২৫ সালে পাঁচটি ঘটনা নথিভুক্ত হয়।
কানাডায় ২০২১ সালে তিনটি, ২০২২ ও ২০২৩ সালে ছয়টি করে, ২০২৪ সালে সাতটি এবং ২০২৫ সালে আটটি হামলার ঘটনা ঘটে।
এ ছাড়া ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবাদী হামলার একাধিক ঘটনা সামনে আসা আয়ারল্যান্ডেও সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য হামলা বৃদ্ধি দেখা গেছে। দেশটিতে ২০২১ ও ২০২২ সালে একটি করে হামলার ঘটনা ঘটলেও ২০২৩ সালে পাঁচটি, ২০২৪ সালে সাতটি এবং ২০২৫ সালে ১০টি ঘটনা ঘটে।
তবে সবচেয়ে বড় উল্লম্ফন দেখা গেছে আফ্রিকার দেশ মালিতে।
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সেখানে ভারতীয়দের ওপর কোনো হামলার ঘটনা নথিভুক্ত হয়নি। কিন্তু ২০২৫ সালে এক বছরেই ১১টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।
নয়াদিল্লির সতর্কতা
বিদেশে ভারতীয়দের ওপর হামলা নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, বিদেশে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা ও সুরক্ষা নয়াদিল্লির ‘সর্বোচ্চ অগ্রাধিকার’।
তিনি বলেন, বিভিন্ন দেশে থাকা ভারতীয় মিশন ও কনস্যুলার পোস্টগুলো পরিস্থিতি সম্পর্কে সতর্ক রয়েছে এবং বিদেশে ভারতীয় নাগরিকদের ওপর ঘটে যাওয়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।
কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে তাৎক্ষণিকভাবে বিষয়টি তোলা হয়, যাতে ঘটনার যথাযথ তদন্ত এবং দেশটির প্রচলিত আইনে দায়ীদের শাস্তি নিশ্চিত করা যায়।


