সোনারগাঁ(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর সার্কেলের এসিল্যান্ড ফাইরুজ তাসনিম গত এক বছরে তাঁর দায়িত্ব পালনকালে ভূমি ব্যবস্থাপনা,সরকারি খাস জমি উদ্ধার, মোবাইল কোর্ট পরিচালনা,মিসকেইস নিষ্পত্তি ও নামজারি কার্যক্রমসহ বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেছেন। একই সঙ্গে সোনারগাঁ ভূমি অফিস ও কাঁচপুর সার্কেলকে দালালমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
১১ আগস্ট মঙ্গলবার সকালে ভুমি কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সহকারী কমিশনার(ভূমি) ফাইরুজ তাসনিম। ভূমি অফিসে সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানি বা দালালের আশ্রয় নিতে বাধ্য না হন, সে বিষয়টি নিশ্চিত করতে তিনি কাজ করে যাচ্ছেন। সাধারণ সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে তিনি বলেন,যে কোনো সেবাগ্রহীতাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। দায়িত্ব পালনকালে গত এক বছরে সরকারি প্রায় ১ হাজার ১৫০ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে,যা প্রায় সাড়ে ১১ একরের সমপরিমাণ। সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চলমান রহিয়াছে। এছাড়া গত এক বছরে প্রায় ৪০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়। ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে তিনি জানান,গত এক বছরে ৪৩২টি মিসকেইসের আদেশ ও নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে প্রায় ১৫ হাজার নামজারি আবেদন নিষ্পত্তি করা হয়। দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ভূমি সেবা নিশ্চিত করতে এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি। এ সময় স্থানীয় সাংবাদিকরা ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম,সাধারণ মানুষের ভোগান্তি,দালালদের দৌরাত্ম্য এবং ভূমি সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আলোচনা করেন। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে এসিল্যান্ড ফাইরুজ তাসনিম বলেন,ভূমি সেবাকে আরও সহজ,স্বচ্ছ ও জনবান্ধব করতে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।


