
গাজীপুর প্রতিনিধি-
শেরপুর থেকে কাভার্ডভ্যানে করে গাজীপুরে আনার পথে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ৪২৯ বোতল অবৈধ বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১। উদ্ধার করা মদের পরিমাণ ২৭৭ দশমিক ৫ লিটার।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। র্যাব-১-এর সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর জেলার সিরাজ উদ্দিনের ছেলে মো. সুমন আহমেদ (২৮) ও ছমীর আলীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২০)।
র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বস্ত সূত্র ও র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, শেরপুর থেকে একটি মিনি কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাজীপুরের দিকে নেওয়া হচ্ছে। এর ভিত্তিতে ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে যানবাহনে তল্লাশির সময় একটি মিনি কাভার্ডভ্যান দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে র্যাব সদস্যরা সেটির গতিরোধ করেন। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪২৯ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। র্যাবের হিসাব অনুযায়ী, উদ্ধার করা মদের পরিমাণ ২৭৭ দশমিক ৫ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।
এ সময় কাভার্ডভ্যানে থাকা সুমন আহমেদ ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান, দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য, জব্দ করা আলামত ও গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক, অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজি ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।

