আজ শুক্রবার, আগস্ট ৭, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বাংলাদেশ যতদিন থাকবে ৫ আগস্ট ততদিন থাকবে। যখনই ফ্যাসিস্ট তৈরি হবে তখনই আমাদেরকে এই ৫ আগস্টের কথা স্মরণ করিয়ে দিবে।

আমরা চাই না বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট তৈরি হোক। বৃহস্পতিবার (৬ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জুলাই অভ্যুত্থানের দুই বছর পুর্তি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, এই বাংলাদেশে আমরা আর কোন রক্তপাত চাই না, আর কোন ফ্যাসিস্ট চাই না, আর কোন স্বৈরাচার জন্ম হোক সেটা চাই না। গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি দিয়ে এদেশের জনগণ আগামী ৫ বছরের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে মনোনীত করেছে।

সুতরাং আমরা ৫ বছর রাষ্ট্র পরিচালনা করবো, যদি ভুলভ্রান্তি হয়, এই ৫ বছরের জন্য যেই বিরোধী দল রয়েছে তারা আমাদের গঠনতান্ত্রিক সমালোচনা করবে। সেক্ষেত্রে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু আমরা গতকাল দেখলাম নারায়ণগঞ্জের তোলারাম কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা অরাজকতার সৃষ্টি করেছে। এটা গঠনতান্ত্রিক কোন আন্দোলন নয়, এটা নৈরাজ্য। এই নৈরাজ্য করে ফ্যাসিস্টদের সুযোগ করে দেওয়ার পথ আপনারা সৃষ্টি করবেন না।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা) এমপি নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি।

এছাড়াও আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলা ও স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Exit mobile version