আজ সোমবার, আগস্ট ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

 

গাজীপুর প্রতিনিধি-

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার হোতাপাড়া এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় করেন।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার শরীফ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, বিএনপি নেতা সেলিম ভূঁইয়া এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক মুসুল্লীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শরীফ উদ্দীন বলেন, মাদক, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।
তিনি বলেন, “পুলিশ জনগণের শত্রু নয়, পুলিশ জনগণের বন্ধু। সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করুন। ভুল তথ্য দিয়ে কাউকে হয়রানি করবেন না।”
তিনি আরও বলেন, পুলিশ জনগণের সেবক হিসেবে সবসময় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনসাধারণের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। অপরাধ দমন, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

Exit mobile version