
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক অপরাধ প্রতিরোধে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মাদক নির্মূল, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টায় রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মো. গোলাম মুরশেদ মুরাদ। সভায় ইউনিয়নের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিগত সভার কার্যবিবরণী পর্যালোচনার পাশাপাশি ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়। মাদক ও ইভটিজিং প্রতিরোধে গৃহীত পদক্ষেপের অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বাল্যবিয়ে প্রতিরোধে জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব আলম, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী শেখ, সংরক্ষিত নারী সদস্য শামীমা সুলতানা, সদস্য আবুল হোসেন, আব্দুর রউফ, গিয়াসউদ্দিন খান, মুস্তাফিজুর রহমান জুয়েল, হারিজ শিকদার, কাদির ভূঁইয়া, জাহাঙ্গীর হোসেন খান এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফরহাদ হোসেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, স্থানীয় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীরাও সভায় অংশ নেন।
ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক অপরাধ প্রতিরোধে নিয়মিত এ ধরনের সমন্বয় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের সচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে সভাটি আহ্বান করা হয়।

