এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো দেশের জনপ্রিয় ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ শহরের প্রেসিডেন্ট রোডে নিউজ টোয়েন্টিফোর-এর জেলা কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মহিউদ্দিন মাহমুদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ও বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের পরিচালক সরকার মজিব, বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ফারুক আহাম্মদ রিপন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, বসুন্ধরা শুভ সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট মনির হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট কাজী মামুনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বসুন্ধরা শুভ সংঘের নেতৃবৃন্দরা।
কেক কাটার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য নিউজ টোয়েন্টিফোর এগিয়ে থাকবে, এটাই সকলের প্রত্যাশা। জনগণের যা কিছুতে ভালো, সেটার পক্ষেই সবসময় নিউজ টোয়েন্টিফোর থাকবে। সকল সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। সব সময় সত্য সংবাদ প্রচার করবে। কারো ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, এমন কোনো সংবাদ প্রচার করবেন না। অনুষ্ঠানে নিউজ টোয়েন্টিফোরের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।



