আজ মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম , সাতক্ষীরা: সাম্প্রতিক ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক দায়িত্ববোধ থেকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

মঙ্গলবার (২৮ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে।
ত্রাণ সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারের হাতে একটি করে মোট ৫০ প্যাকেট শুকনা খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সাম্প্রতিক টানা বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘবের উদ্দেশ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করে বিজিবি।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, উপ-অধিনায়ক শাদমান শাকিব, উপ-পরিচালক মাসুম বেগ ও মিডিয়া কর্মকর্তা মিলন হোসেনসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
সাতক্ষীরা-৩৩ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী মানুষের সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে সাতক্ষীরা ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা প্রদান করেছে।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি কিংবা মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। দেশের যেকোনো দুর্যোগে মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বিজিবি অঙ্গীকারবদ্ধ। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই সময়ে খাদ্য সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে এবং এ ধরনের মানবিক উদ্যোগ সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নতুন করে আশার সঞ্চার করে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

Exit mobile version