অনলাইন মাধ্যমে ‘স্বাধীন বার্তা’র নামে প্রচারিত ‘গৃহবধূকে ভরণপোষণ না দিয়ে তাড়িয়ে দেওয়া’ শীর্ষক একটি প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সাংবাদিক নাঈম।
এক ভিডিও বক্তব্যে সাংবাদিক নাঈম বলেন, প্রকাশিত প্রতিবেদনে বাস্তবতার কোনো ভিত্তি নেই। তাঁর দাবি, ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিকভাবে উপস্থাপন করা হয়েছে, যা সাংবাদিকতার নৈতিকতা ও পেশাদারিত্বের পরিপন্থী। তিনি আরও অভিযোগ করেন, প্রতিবেদনে ব্যবহৃত তাঁর ছবিটিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।
নাঈমের অভিযোগ, ‘স্বাধীন বার্তা’ নামে একটি অনিবন্ধিত প্ল্যাটফর্মের পরিচয়ে নিয়মিত যাচাইবিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তিনি এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তিনি এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রকাশের জন্য দায়ীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে জানতে চাইলে ‘স্বাধীন বার্তা’র সম্পাদক ও প্রকাশক পরিচয়দানকারী তরিকুল ইসলাম দাবি করেন, আলোচিত সংবাদটি তাঁর প্রকাশনার নয়। তাঁর ভাষ্য, “কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে আমার পত্রিকার নাম ও পরিচয় অপব্যবহার করে সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তবে উভয় পক্ষের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।


