রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সে সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্রবার (১৭ জুলাই) ভোর ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মো. সোহাগ জানান, প্রায় ৯ মাস আগে সাইদুল পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন। পরিবারের সদস্যদের কাছ থেকে তারা জানতে পেরেছেন, পারিবারিক কলহের কারণে তিনি কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের সপ্তম তলায় নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের বাসিন্দা এবং মো. সাদেকের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।



