আজ বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বারসহ মো. মিজানুর রহমান (৬১) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৫ জুলাই) সকালে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের কাছে গোপন তথ্য আসে যে, দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের চেষ্টা করা হবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির মুন্সিপুর বিওপিকে সতর্ক করা হয় এবং সীমান্ত এলাকায় একটি বিশেষ টহলদল মোতায়েন করা হয়।

পরে সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে কার্পাসডাঙ্গা বাজার থেকে একটি মোটরসাইকেলে করে মুন্সিপুর বিওপির সামনের সড়কে আসা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে থামিয়ে তল্লাশি চালায় বিজিবি। স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাঁজে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং তার ব্যবহৃত একটি ডিওয়াই-৫০ (DY-50) মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটক মো. মিজানুর রহমান চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দ করা স্বর্ণ সরকারি বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Exit mobile version