
নিজস্ব প্রতিবেদক : সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহাম্মদ শহীদ-এর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কভার্ডভ্যান ও শ্রমিক ইউনিয়ন (রেজি: ২৫৫৮)।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সাব্বির আহাম্মদ শহীদের নাম জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে এবং তাঁর সামাজিক ও সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে।
সমাবেশে বক্তারা কাশীপুর পাওয়ার হাউস ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে ময়লা ফেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, পরিবেশ দূষণ সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ সময় বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “সাব্বির আহাম্মদ শহীদের নাম ব্যবহার করে বা তাঁর পরিচয় ভাঙিয়ে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল, চাঁদাবাজি, প্রভাব বিস্তার কিংবা কোনো ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমন ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।
বক্তারা আরও বলেন, একটি কুচক্রী মহল শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি এবং সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপচেষ্টা কখনো সফল হবে না বলে তারা মন্তব্য করেন।
সমাবেশ থেকে সকলকে গুজবে কান না দিয়ে সত্য তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়।
পাশাপাশি কাশীপুর পাওয়ার হাউস ব্রিজ এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং অপপ্রচার ও নাম ভাঙিয়ে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

