
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুই সন্তান রেখে নাছিমা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাইদুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১২ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার গড়গরিয়া মাস্টারবাড়ী বেরাইদেরচালা এলাকার মজনুর বাড়ির একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নাছিমা আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খরিসাপুর বনপাড়া গ্রামের মানেন মিয়ার মেয়ে। তিনি দুই সন্তানকে নিয়ে শ্রীপুরের মাস্টারবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
স্বজনদের ভাষ্য, প্রায় ১১ বছর আগে ময়মনসিংহের ফুলপুর উপজেলার তারাকান্দা গিদ্দারপাড়া গ্রামের সাইদুল ইসলামের সঙ্গে নাছিমার বিয়ে হয়। তাদের সংসারে সামিয়া (১০) ও সিজান (৪) নামে দুই সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। প্রায় ছয় মাস আগে পারিবারিক বিরোধের জেরে নাছিমা সন্তানদের নিয়ে শ্রীপুরে এসে একটি পোশাক কারখানায় চাকরি নেন এবং ভাড়া বাসায় বসবাস শুরু করেন। পরে প্রায় এক মাস আগে সাইদুলও সেখানে এসে স্ত্রী-সন্তানের সঙ্গে বসবাস শুরু করেন। তবে তাদের মধ্যে বিরোধ অব্যাহত ছিল।
নিহতের ভাবি নার্গিস আক্তার জানান, গভীর রাতে কান্নার শব্দ শুনে তারা ঘুম থেকে উঠে ওই কক্ষে গিয়ে নাছিমাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই সাইদুল ইসলামকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত স্বামী সাইদুল ইসলাম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

