আজ সোমবার, জুলাই ৬, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাহাঙ্গীর আলম নামের এক বিএনপির নেতার দলীয় নেতাকর্মীদের হুমকি দেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি এবং আওয়ামী লীগের সঙ্গে থাকার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যায়।

জাহাঙ্গীর আলম উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে জাহাঙ্গীর আলমকে কোনো এক স্থানে নিজ অনুসারীদের সঙ্গে নিয়ে বসে থাকা অবস্থায় ফোনে কথা বলতে শোনা যায়। ফোনের অপরপ্রান্তের কোনো এক ব্যক্তিকে তাকে বলতে শোনা গেছে, ‌‘বিএনপি ওলারা আমারে ক্ষতি করতাছে। নির্বাচনের পর অগরে (ওদের) মামলা দিয়া দৌড়ামু। আর আওয়ামী লীগ অলাগো (আওয়ামী লীগ ওয়ালাদের) কোলে লইয়া নাচমু, চিন্তা কইরেন না।’

দায়িত্বশীল পদে থেকে নিজ দলীয় নেতাকর্মীকে নিয়ে এমন মন্তব্য করায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম এ ধরনের মন্তব্যের কথা অস্বীকার করেন।

তিনি বলেন, ‘আমি এ ধরনের কোনো কথা বলিনি। ভাইরাল করা ভিডিওতে আপনারা দেখতে পাবেন আগেও পরে কোনো বক্তব্য নেই। শুধু দুইটা বক্তব্যকে ছাড়া হয়েছে। মূলত আমার ভাগিনা নোবেল মীরের সঙ্গে আমার লেনদেন নিয়ে পারিবারিক ঝামেলা থাকায় সে এটা ভাইরাল করেছে।’

সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘এমন বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থি। এই ভিডিওর জন্য আমরা মৌখিকভাবে তার কাছে জবাব চেয়েছি। যদি জবাব দিতে ব্যর্থ হয়, তাহলে তাকে দল থেকে শোকজ করা হবে। এ ঘটনায় দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জাগো নিউজকে বলেন, ‘এটা উপজেলা পর্যায়ের বক্তব্য নিলে ভালো হয়। কারণ আমি এখনো এটার বিষয়ে তেমন কিছু জানতে পারিনি।’

Exit mobile version