বরিশালে ব্যবসায়ীর ওপর হামলা, জোর করে একাধিক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) বেলা ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
এরইমধ্যে এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে আলোচনা-সমালোচনা হয়। ওই ব্যবসায়ী অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদার।
ঘটনাটি গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বরিশাল শহরের সদর রোডে অবস্থিত অগ্রণী হাউজিং কোম্পানি নামে প্রতিষ্ঠানে প্রবেশ করে কয়েকজন। একপর্যায়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে মারধর করে স্বাক্ষর নেয় হামলাকারীরা।
হামলার শিকার আব্দুল আজিজের দাবি, শহরের কাটপট্টি রোড এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান লিটুর নেতৃত্বে চালানো হয় হামলা। মারধরের একপর্যায়ে তার কাছ থেকে দুটি চেক ও কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর নেয় লিটু।
তবে লিটুর দাবি, তিনি-সহ কয়েকজন অগ্রণী হাউজিং কোম্পানির পরিচালক। কিন্তু ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে তাদের ঠকিয়ে আসছেন।
এরইমধ্যে হামলাকারীর সঙ্গে যুবদলের নাম আসায় বিব্রত সংগঠনের হাইকমান্ড। পরবর্তীতে সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন মোস্তাফিজুর রহমান লিটু।
হামলা করে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় আদালতে মামলা করেছেন ভুক্তভোগী আব্দুল আজিজ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানায় পুলিশ।


