গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরে চোরাই মোটরসাইকেল কেনাবেচা ও জাল কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের কথিত মূল হোতাকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ বিআরটিএ ও পুলিশের নামে ব্যবহৃত বিভিন্ন জাল সরঞ্জাম, ল্যাপটপ, প্রিন্টার এবং বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়েছে।
জিএমপি সূত্রে জানা যায়, গত ৩০ জুন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি বিশেষ দল গাজীপুর মহানগরের গাছা থানার পেয়ারাবাগান রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. করবেল খাঁ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছিলেন। একই সঙ্গে তিনি জাল কাগজপত্র তৈরি করে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের পৃথক অভিযানে মোট ৩৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৯৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে আরও উদ্ধার করা হয়েছে ৫টি ল্যাপটপ, ৩টি প্রিন্টার, বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন বইয়ের ৪টি কপি, ৬টি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ১১টি ই-রেজিস্ট্রেশন কার্ড, একটি ওয়াকিটকি সেট, ৯টি সিম, ২টি মেমোরি কার্ড, পুলিশের ব্যবহৃত বিভিন্ন পোশাক ও সরঞ্জাম, বিশেষ শাখার (এসবি) পরিচয়পত্র সদৃশ কার্ড, ভুয়া ভিজিটিং কার্ড এবং জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন নথিপত্র।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন। পাশাপাশি চোরাই মোটরসাইকেলের জাল কাগজপত্র তৈরি করে সেগুলো বিক্রির মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করতেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
জিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় গাছা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



