আজ সোমবার, জুন ২৯, ২০২৬ খ্রিস্টাব্দ

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকার বকচরপাড়া গ্রামে এক সাংবাদিকের পরিবারের পৈতৃক ও মালিকানাধীন জমিতে জোরপূর্বক প্রবেশ করে মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম শুভ, যিনি গাজীপুর সাংবাদিক পরিষদের আইনবিষয়ক সম্পাদক এবং দৈনিক দেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বাবা নজরুল ইসলাম এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের সঙ্গে বিরোধ চলে আসছে। অভিযোগে বলা হয়েছে, শনিবার সকালে স্থানীয় মোশারফ বেপারী, রফিক ও তাদের সহযোগীরা দলবল নিয়ে সাংবাদিক পরিবারের জমিতে প্রবেশ করেন। পরে জমির মালিকদের অনুপস্থিতিতে বাগানে থাকা পাঁচটি মূল্যবান আকাশমনি গাছ কেটে নিয়ে যান। কাটা গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের সদস্যরা গাছ কাটার প্রতিবাদ করলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি প্রদর্শন, মারধরের চেষ্টা এবং ভবিষ্যতে এ বিষয়ে কোনো পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনার পর ভুক্তভোগী পরিবার নিজেদের জানমাল ও পৈতৃক সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। বন বিভাগেরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী একটি চক্র বিভিন্ন সময় ব্যক্তিগত ও পৈতৃক সম্পত্তিতে জোরপূর্বক প্রবেশ করে গাছ কাটাসহ নানা ধরনের দখলচেষ্টার ঘটনা ঘটিয়ে আসছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও সংবাদ লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।

Exit mobile version