আজ শনিবার, জুলাই ১৮, ২০২৬ খ্রিস্টাব্দ

 সাতক্ষীরা প্রতিনিধি:

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় বিশাল সাইকেল র‍্যালি করেছে শহর ছাত্রশিবির। শনিবার (২৭ জুন) সকাল ৭টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়।

শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে র‍্যালিটি পোস্ট অফিস মোড়, নারকেলতলা মোড়, খুলনা রোড মোড়, সার্কিট হাউস মোড় ও বাইপাসসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি নুরুন্নবী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, এইচআরডি সম্পাদক সাদ্দাম হোসেন, প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, মিডিয়া সম্পাদক মাসুদ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলামসহ শহর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রুহুল আমিন বলেন, মাদকের ভয়াবহতা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। মাদকের কারণে পরিবারে অশান্তি, অপরাধ ও সামাজিক অবক্ষয় বাড়ছে। মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, তরুণদের মাঝে কোরআন-হাদিসের শিক্ষা ও ইসলামী আদর্শ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

সভাপতি মেহেদী হাসান বলেন, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা এবং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Exit mobile version