আজ শুক্রবার, জুন ২৬, ২০২৬ খ্রিস্টাব্দ

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সদর উপজেলার নয়নপুর আরপি গেইট এলাকায় জেলা প্রশাসকের (ডিসি) মালিকানাধীন শত কোটি টাকার সরকারি জমি জবরদখলের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক নয়া দিগন্তের জয়দেবপুর প্রতিনিধি আব্দুল আজিজ। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুন আব্দুল আজিজ সংরক্ষিত বনাঞ্চলের জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেন। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি দেখতে পান, নির্মাণাধীন ভবনের একটি অংশ বন বিভাগের জমিতে হলেও বৃহৎ অংশ জেলা প্রশাসকের ১ নম্বর খতিয়ানভুক্ত (আর.এস-৪২৯৮ দাগ) সরকারি জমির ওপর নির্মিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি তিনি সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করলে প্রথমে জমিটি বন বিভাগের আওতাভুক্ত নয় বলে জানানো হয়। পরবর্তীতে বিভাগীয় বন কর্মকর্তাকে অবহিত করার পর নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ করা হয় বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, এরপর থেকেই অবৈধ দখলদার চক্র সাংবাদিক আব্দুল আজিজকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে। এমনকি অর্থের প্রলোভন দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু তিনি তাতে সম্মত না হওয়ায় একটি প্রভাবশালী মহল তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে জমি দখলের সঙ্গে জড়িতদের পরিচয় ও ঠিকানা সংগ্রহের জন্য পুনরায় ঘটনাস্থলে গেলে স্থানীয় ভূমিদস্যু হিসেবে পরিচিত রাসেল নামের এক ব্যক্তি তাঁকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে নেয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে ১০ থেকে ১৫ জনের একটি দল তাঁর ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে।
এ সময় হামলাকারীরা সাংবাদিককে ঘুষ গ্রহণকারী হিসেবে প্রচার করার উদ্দেশ্যে জোরপূর্বক তাঁর পকেটে কিছু টাকা ঢুকিয়ে ভিডিও বক্তব্য দিতে চাপ সৃষ্টি করে বলেও অভিযোগ উঠেছে। কিন্তু তিনি মিথ্যা বক্তব্য দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
পরে পথিমধ্যে সেনাবাহিনীর একটি চেকপোস্ট দেখতে পেয়ে জীবন বাঁচাতে চলন্ত মোটরসাইকেল থেকে লাফিয়ে নেমে দৌড়ে সেখানে আশ্রয় নেন তিনি। পরবর্তীতে সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করলে তারা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সাংবাদিক সহকর্মীরা। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর গাজীপুরের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

Exit mobile version