
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। গত রোববার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
এদিকে নিজের বিরুদ্ধে আনা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক লিখন মন্ডল। একই সাথে সংবাদমাধ্যমের কর্মী ও সাংবাদিক ভাইদের প্রতি উস্কানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য পরিহার করে সমাজ ও রাষ্ট্রের সামনে সঠিক সত্যটি তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
লিখন মন্ডল এই ঘটনাকে একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র উল্লেখ করে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। একই সাথে, এই মিথ্যা অভিযোগের ওপর ভিত্তি করে যুবদল থেকে যে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছিল, তা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন তিনি।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে লিখন মন্ডল বলেন, এমপি পুত্র সজীবের রাজনৈতিক ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এই মিথ্যা চাঁদাবাজির নাটক সাজিয়েছিল, যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে।
তিনি দেশের গণমাধ্যম ও সাংবাদিক ভাইদের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। আপনাদের প্রতি বিনীত আহ্বান, কোনো পক্ষের উদ্দেশ্যপ্রণোদিত বা বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হয়ে, যেকোনো সংবাদের সত্যতা ও সঠিক তথ্যটি সাহসিকতার সাথে তুলে ধরুন। সত্যের জয় চিরকালই নিশ্চিত।

