আজ বুধবার, জুন ১৭, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুট্টাক্ষেত থেকে একটি মেয়ে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা। মঙ্গলবার রাত ১১টার দিকে তিনজনকে অভিযুক্ত করে আদিতমারী থানায় এই হত্যা মামলা দায়ের করেন তিনি। এদের মধ্যে মঙ্গলবার বিকেলে পুলিশের হাতে আটক রঞ্জিত চন্দ্র (৫৫) ও তার ছেলে বিধান চন্দ্রকে (২১) এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার বিকেলে অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

এর আগে গত সোমবার নিখোঁজের পরদিন গতকাল (মঙ্গলবার) একটি ভুট্টাক্ষেত থেকে ওই শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উত্তেজিত জনতা অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। ক্ষুব্ধ জনতার হামলায় ১৮ পুলিশসহ আহত হন অন্তত ৩০ জন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়িসহ প্রশাসনের ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদিতমারী থানার ওসিকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। এদিকে, সরকারি কাজে বাধা, পুলিশ ও প্রশাসনের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।

লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি কাজে বাধাপ্রদানকারী ও মবকারীদের বিরুদ্ধে পুলিশের শক্ত অবস্থান থাকবে। ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

Exit mobile version