আজ শনিবার, জুন ১৩, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর কাফরুল এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী রাফির মাথায় ইট ছুড়ে মারার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হামলার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন— মো. পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবু (৩২)। মামলার অপর দুই আসামি মো. ফয়সাল ওরফে কালু এবং আমিন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিসি মোস্তাক সরকার জানান, গত মঙ্গলবার (১০ জুন) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের প্রায় ১০০ গজ পূর্বে ইব্রাহিমপুর পাকা সড়কে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে বাসায় ফেরার পথে রাফিকে পূর্বপরিকল্পিতভাবে আক্রমণ করা হয়। হামলাকারীরা তার মাথার ডান পাশে ইট ছুড়ে মারলে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন।

পুলিশ জানায়, ঘটনার পর হামলাকারীরা আহত রাফিকে একটি অটোরিকশায় তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। পুরো ঘটনাটি কাছের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও ক্ষোভ তৈরি হয়।

আহত রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এরপর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চারজনকে শনাক্ত করা হয়।

তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১১ জুন) ময়মনসিংহের ধোবাউড়া থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে প্রধান অভিযুক্ত পারভেজকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে রাজধানীর ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে আটক করে পুলিশ। ঘটনাস্থলের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় রাফির মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পারভেজ একসময় ভুক্তভোগী রাফির বাসায় ভাড়াটিয়া ছিলেন। সেই সূত্রে তাদের মধ্যে পরিচয় ছিল। পরবর্তীতে পারভেজ ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে এবং এতে রাফি বাধা দেন।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। ঘটনার আগের দিন সন্ধ্যায় তাদের মধ্যে কথাকাটাকাটি ও হুমকির ঘটনা ঘটে বলে জানান তদন্ত কর্মকর্তা।

পরিকল্পনা অনুযায়ী, পরদিন রাত ১টার দিকে পারভেজ, কালু, বাবু ও আমিন পূর্ব শেওড়াপাড়া এলাকায় অবস্থান নেন। রাফি মোটরসাইকেলে সেখানে পৌঁছালে আমিন তার গতিরোধের চেষ্টা করে এবং চলন্ত অবস্থায় পারভেজ তার মাথায় ইট ছুড়ে আঘাত করে।

ডিসি মোস্তাক সরকার বলেন, ঘটনার পর আসামিরা ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে এবং স্থানীয়দের কাছে দাবি করে যে উপর থেকে ইট পড়ে রাফি আহত হয়েছেন। পরে তারা আহত অবস্থায় তাকে অন্যত্র ফেলে পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া পারভেজ ও পলাতক কালুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিএমপি।

Exit mobile version